নাজমুল হাসানঃ
রূপগঞ্জের সাহাপুর এলাকায় বিশ্বের সকল প্রাণীর শান্তি কল্যাণ কামনায় ২৪ প্রহর ব্যাপী ৭ম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের শ্রী শ্রী গোপাল গিরিধারী জিওর আখড়া মন্দির অঙ্গনে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত বাবু অমল চন্দ্র দত্ত। সঞ্চালনা করেন শ্রী শ্রী গোপাল গিরিধারী জিওর আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পাপু সাহা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল।গত ১৫ ডিসেম্বর রবিবার থেকে এই মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পক্ষে বৃহস্পতিবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ রাগ অন্তে মহা প্রসাদ বিতরণ করা হয়। আগামী ২০ ডিসেম্বর শুক্রবার উষা লগ্নে কুম্ভ ভঙ্গ নগর কীর্তন জলকেলি ও মহন্ত বিদায় অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ পরিচালনায় ছিলেন শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী ও তার দল। শ্রী শ্রী গোপাল গিরিধারী জিওর আখড়া মন্দির কমিটির সভাপতি অমল চন্দ্র দত্ত বলেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। আমরা এই মহাযজ্ঞের মাধ্যমে বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেছি। মন্দির কমিটির সাধারণ সম্পাদক পাপু সাহা বলেন, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয়দের যথেষ্ট সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করেছি।
Leave a Reply