সোহেল রানা রাজশাহী
রাজশাহী নগরীতে কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতে সাজ্জাদ (১৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর আসাম কলোনির নিলা টেইলারের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত যুবকের শরীরে ৪৬ টি সেলাই দিতে হয়েছে। সাজ্জাদ নগরীর আসাম কলোনির খয়লান এলাকার সুমনের ছেলে।
সাজ্জাদের বাবা সুমন জানান, ছেলে সাজ্জাদ বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ চন্দ্রিমা থানা এলাকার নিউ কলোনি এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য জয়ের নেতৃত্বে বিজয়, সাকিব, সবুজ ও অপুসহ আরও ২/৩ জন যুবক সংঘবদ্ধ হয়ে তাকে তুলে নিয়ে যায়। তারা সাজ্জাদকে নগরীর আসাম কলোনির নিলা টেইলারের সামনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সাজ্জাদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । তিনি বলেন, সাজ্জাদের শরীরে ৪৬টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালের ৫ নং ওয়ার্ডে সাজ্জাদ চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে তার ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে কিশোর গ্যাংদর ৬ থেকে ৭ জন সদস্য তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পায়। সামনে গিয়ে দেখি ফিল্মি স্টাইলে একজন যুবককে কোপাচ্ছে। কোপানো শেষে হুমকি দিয়ে পায়ে হেটে চলে যায় তারা।
কিশোর গ্যাংদর বিষয়ে শিরোইল কলোনি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা এই কিশোর গ্যাং সৃষ্টির পেছনে কম দায়ী নয়। পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা শিশু-কিশোরদেরকে যেকোনো মূল্যে ‘জিপিএ-৫’ পাওয়ার দিকে পরিচালিত করে। কিশোরদের রাজনীতি বলয়ের বাইরে নিয়ে আসতে পারলে এসব কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ শক্তি লোপ পেয়ে এই অপসংস্কৃতির অবসান ঘটে সমাজে শান্তি ও শৃঙ্খলা অবশ্যই ফিরে আসবে।
এব্যাপারে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। আহত সাজ্জাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply